খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে সাদিক কায়েমের মা-বাবা অবস্থান করলেও তাঁরা অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাড়ির সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে কাগজে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তবে এসব কর্মকাণ্ড তাঁদের আন্দোলন ও লড়াইকে দমাতে পারবে না বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও খাগড়াছড়ি জেলা জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে জামায়াত নেতারা নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা সীমানাপ্রাচীরের ওপর দিয়ে কেরোসিন ঢেলে কাগজে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে, ফ্যাসিস্টের লোকদের কাজই বলে মন্তব্য করেন।
Related News
খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমাRead More
টেকনাফে শতাধিক বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সীমান্ত এলাকা টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরকRead More



Comments are Closed