Main Menu

ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

বৈশাখী নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা রোববার (২২ ডিসেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন।

রোগীদের সিট প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) আসা অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালান তারা।

এ নিয়ে কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট রোববার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৬টি অভিযান চালিয়েছে।

সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান চালায়। অভিযানকালে টিম জানতে পারে, এ হাসপাতালে রোগী ও স্বজনরা অজ্ঞাত থাকার কারণে বেশ কিছু পেয়িং বেড খালি থাকা সত্ত্বেও রোগীরা সেখানে আসন গ্রহণ করেন না।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক জানান, স্বল্প আয়ের রোগীগণ পেয়িং বেডে থাকতে না চাওয়ায় পেয়িং বেড খালি থাকে, অথচ নন-পেয়িং বেডে রোগীরা আসন পান না। টিম এ সমস্যা দূরীকরণে কিছু সংখ্যক পেয়িং বেডকে নন-পেয়িং বেড হিসেবে ঘোষণার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রদান করে।

একই টিম ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবী ও গ্রাহক হয়রানির অভিযোগে সিলেট বিআরটিএতে অভিযান পরিচালনা করে।

এছাড়া রাজধানীর একটি কলেজে ঘুষের বিনিময়ে প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের অভিযোগে এবং নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ হতে পৃথক অভিযান পরিচালনা করেছে।

Share





Related News

Comments are Closed