Main Menu

ডাকসুতে হামলার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

শাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানিয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে ফিরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে রাসেল মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তানভীর আকন্দ, তৌহিদুজ্জামান জুয়েল, লুবনা সুলতানা প্রমুখ। এসময় তারা বক্তব্যে বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন সেই “মুক্তযুদ্ধ মঞ্চের” সাথে জড়িতরা কি আদৌ মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী !! যারা মুক্তিযুদ্ধকে চেতনা হিসেবে মানেন, তারা কখনোই সাধারণ শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা করতে পারেন না। বক্তারা এসময় হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর আগে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

Share





Related News

Comments are Closed