Main Menu

জন্মাষ্টমীতে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বা শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ কামনায় সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল থেকে নগরী বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির মুনিপুরী রাজবাড়ী এলাকায় সমবেত হন শ্রীকৃষ্ণভক্তরা। এ সময় ঢোলের বোল, ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণর বিভিন্ন রূপে সেজে তাদের জয়গানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। পুরুষদের পাশাপাশি ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে অংশ নেন বিপুলসংখ্যক নারী ও শিশুরাও। তারা উলুধ্বনি এবং শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন স্লোগান দেন।

শোভাযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

শোভাযাত্রাকে ঘিরে র‌্যাব ও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন মহাবতার শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন কংসের কারাগারে। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

Share





Related News

Comments are Closed