Main Menu

ফেসবুকে তরুণীর ছবি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক তরুণীর ছবি আপলোড করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেলতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া জগন্নাথপুর বাজারের যাওয়ার পথে একই গ্রামের লেবুর লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৫জন আহত হয়।

আহতদের মধ্যে সিরাজ মিয়া (৬০), লেবু মিয়া (৪০), আখকাছ মিয়া (৪২), সাব্বির মিয়া (৩০) লিটন মিয়া (৩৫), ছবির মিয়া (২৫), সুজন মিয়া (৪০), আক্কাছ আলী (৩৯), মালকাছ আলী (২৮), গোলাপ আলী (৬০) ও চানু মিয়াকে (২৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তবে, স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র বলছে, ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া একই এলাকার লেবু মিয়ার মেয়ের ছবি ফেসবুকে আপলোড করে। এ বিষয়টি রোববার রাতে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। এরপর লেবু মিয়া সাব্বিরের ভাই লিটনকে বিষয়টি জানালে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের পর জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

Share





Related News

Comments are Closed