Main Menu

দিরাই সাব রেজিষ্টার অফিসের ২ কর্মচারী বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা সাব রেজিষ্টার অফিসের সরকারি রাজস্ব আয়ের কয়েক লাখ টাকা ব্যাংক হিসাবে জমা না হওয়ায় পিসি মোহরার ও অফিস সহকারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার এক অফিস আদেশে সুনামগঞ্জ জেলা রেজিষ্টার তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

বরখাস্তকৃতরা হলেন, উপজেলা সাব রেজিষ্টার অফিসের পিসি মোহরার আভা রাণী পুরকায়স্থ ও অফিস সহকারি ইলিয়াস আলম।

বুধবার রাতে জেলা রেজিষ্টার অফিসের দায়িত্বশীল সুত্র সাময়িক বরখাস্তের বিষযটি নিশ্চিত করেছেন।

জেলা রেজিষ্টার অফিসের দায়িত্বশীল সুত্র আরো জানায়, দিরাই সাব রেজিষ্টার অফিসের রাজস্ব আয়ের ৪ লাখ ২২ হাজার টাকা ৪টি পে-অর্ডারের মাধ্যমে দিরাই সোনালী ব্যাংকের নির্ধারিত ব্যাংক হিসাবে গত ২৮ মে জমা হওয়ার কথা থাকলেও তা ব্যাংক হিসাবে জমা হয়নি।

নিয়ম অনুযায়ী উপজেলা সাব রেজিষ্টার নিজে অফিস সহকারিকে সাথে নিয়ে ব্যাংকে গিয়ে সরকারি রাজস্ব আযের টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেয়ার কথা।
কিন্তু অফিসের নৈশ প্রহরি কাম পরিচ্ছন্ন কর্মী মনি সরকারকে দিয়ে রাজস্ব আয়ের টাকা জমা দিতে ব্যাংকে পাঠালেও সে কৌশলে ওই টাকা জমা না দিয়ে কর্মস্থল থেকে গত কয়েকদিন ধরে উধাও হয়ে যায়।

এ নিয়ে দিন কয়েক লুকোচুরির পর সাব রেজিষ্টার নিজের দায়িত্ব পালনে অবহেলাকে আড়াল করতে মনি সরকার নিখোঁজের ব্যাপারে দিরাই থানায় একটি সাধারন ডায়েরি করে দায় সারেন।

কিন্তু ওই ঘটনা জেলা রেজিষ্টার অফিসে জানাজানি হলে প্রথমে সাব রেজিষ্টার অফিসের পিসি মোহরার, অফিস সহকারিকে কারন দর্শানোর নোটিশ প্রেলণ করা হয়।
জবাব সন্তোষজনক না হওয়ায় মঙ্গলবার জেলা রেজিষ্টার দিরাই এসে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পান।

এরপর বুধবার তিনি এক অফিস আদেশে ওই দু’জনকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

এ ঘটনায় আরো অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশান দেয়া হয়।

বুধবার বিকেল থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এ বিষযে বক্তব্য জানতে দিরাই সাব-রেজিষ্টার আবদুল বাতেনের মুঠোফোনে একাধিবার কল করলেও তিনি কল রিসিভ না করায় উনার বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার রাতে সুনামগঞ্জ জেলা রেজিষ্টার মো. সাইফুল ইসলাম বলেন, আপাতত দু’জনকে কর্তব্যে অবহেলার কারনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি রাজস্ব আযের টাকা ব্যাংকে জমা দিতে নৈশ প্রহরি কোন ধরনের দায়িত্বশীল নন, রাজস্ব আয়ের টাকা সাব রেজিষ্টার অফিস সহায়ককে সাথে নিয়ে নির্ধারিত হিসাবের অনুকুলে ব্যাংকে টাকা জমা রাখার কথা সেক্ষেত্রে তারও দায়িত্বহীনতা এবং কর্তব্য পালনে অবহেলার সত্যতা পাওয়া গেছে, তদন্ত রিপোর্ট হাতে পেলেই তার ব্যাপারেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা রেজিষ্টার।

প্রসঙ্গত নৈশ প্রহরি মনি সরকার গত ১০ জুন কর্মস্থল থেকে উধাও হয়েছেন।

Share





Related News

Comments are Closed