Main Menu

পাথর চোরদের হামলায় বিজিবি সদস্য আহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ জিরো লাইনের ‘সাদা পাথর’ এলাকায় রাতের আঁধারে পাথর চুরি করতে গিয়ে আটক হয়েছে দুদু মিয়া নামের এক যুবক। এসময় পাথর চোরদের হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর পক্ষ থেকে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজিবির কালাসাদেক ক্যাম্প কমান্ডার ফারুক আহমদ জানান, গত শনিবার রাত ১১টার দিকে পাথরখেকোরা ১২/২০টি বারকি নৌকা নোঙর করে সাদা পাথর লুটের চেষ্টা করেছে। তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় তারা লুট করতে পারেনি। এ সময় পাথরখেকোদের ছোঁড়া ঢিলে নায়েক কামরুল আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় দুদু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলো-কলাবাড়ি গ্রামের রাসেল আহমদ ও আতিক, উত্তর রাজনগর গ্রামের আল আমিন, দক্ষিণ রাজনগর গ্রামের জুয়েল ও দুদু মিয়া, বাঘারপাড় গ্রামের সোনাই, উসমান মিয়া, নাজির মিয়া ও আক্কাছ মিয়া, কালিবাড়ি গ্রামের বিল্লাল মিয়া, রাজনগর গ্রামের ফারুক, টুকেরবাজারের হাবিল ও রুহুল আমিন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, সাদা পাথর দর্শনীয় এবং সংরক্ষিত একটি স্থান। এর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন এখানে প্রচুর পর্যটক আসছেন। এখান থেকে পাথর চুরির অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed