Main Menu

সিলেটে পিআইবির জামায়াত প্রীতি!

বৈশাখী নিউজ ডেস্ক: নয়ানিগন্ত-সংগ্রামসহ জামায়াত অনুসারী কয়েকটি পত্রিকাকে নিয়ে সিলেটে মতবিনিময় করেছে সরকারী প্রতিষ্ঠান প্রেস ইন্সিটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। এতে মূলধারার কোনো জাতীয় পত্রিকাকে আমন্ত্রণই জানানো হয়নি। এনিয়ে সিলেটের সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মূল ধারার জাতীয় পত্রিকাগুলোকে আমন্ত্রন না জানানোয় এ মতবিনিময় সভা বর্জন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা।

শনিবার সিলেট চেম্বার অব কমার্সের হলরুমে মতবিনিময়ের আয়োজন করা হয়। কিন্তু মতবিনিময় সভায় দৈনিক সংগ্রাম, নয়াদিগন্তসহ প্রতিক্রিয়াশীল গণমাধ্যমে কর্মরতদের আমন্ত্রন জানানো হয়। আর দৈনিক প্রথম আলো, সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, ডেইলী স্টার, নিউএজ, মানবজমিন, বনিকবার্তা ও দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমগুলোর প্রতিনিধিদের বাদ দিয়ে মতবিনিময় সভার আয়োজন করায় অনুষ্ঠান বয়কট করেন স্বাধীনতার স্বপক্ষের সাংবাদিকরা।

অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ফিরে আসেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ক্লাবের বর্তমান সভাপতি ও উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্ত, সিনিয়র সাংবাদিক আল আজাদ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সিলেট মিরর এর যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক শ্যামল সিলেট এর যুগ্ম বার্তা সম্পাদক মো. নাসির উদ্দিন, দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সৈয়দ বাপ্পীসহ আরো অনেকে।

এ ব্যাপারে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ জানান, প্রেস ইন্সটিউট থেকে বলা হয়েছিল সিলেটের স্থানীয় দৈনিকগুলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভা করা হবে। সে অনুযায়ী তালিকা চেয়ে সিলেট জেলা প্রেসক্লাবে চিঠি দেয় পিআইবি। কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায় উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই প্রতিক্রিয়াশীল জাতীয় দৈনিক ও সাপ্তাহিকের। আর দেশের প্রগতিশীল ধারার প্রথম সারির দৈনিকগুলোর প্রতিনিধিদের বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেট জেলা প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় লালনকারী একটি প্রতিষ্ঠান। তাই স্বাধীনতার বিপক্ষের লোকজনের সঙ্গে উপস্থিতি মানায় না, যে কারণে মতবিনিময় সভা বর্জন করেছি।

Share





Related News

Comments are Closed