Main Menu

শিবগঞ্জে ধানক্ষেতে মিললো চার গলাকাটা লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর নামক এলাকার একটি ধানক্ষেত থেকে চারজন পুরুষের গলা কাটা ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ মে) সকালে মরদেহ চারটি উদ্ধার করা হয়। মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আটম‍ূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর এলাকার একটি ধানক্ষেতে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সবাই আটমূল ইউনিয়ন ও আশপাশের গ্রামের বাসিন্দা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান জানান, সোমবার সকালে ডাবুইর পাথার এলাকার একটি ধানক্ষেতে চারজনের হাত বাঁধা গলাকাটা ৪টি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা, হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।

Share





Related News

Comments are Closed