Main Menu

সিলেটে ছাত্রদল নেতা হাবিবের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ইন্তেকাল করেছেন। শনিবার রাত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়া হাবিব ২৭দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, দুই ভাই ও এক বোনসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। নগরীর মেন্দিবাগে তার বাসা। তিনি কিডনী এবং হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

তার জানাজার নামাজ রবিবার বাদ যোহর হযরত শাহ জালাল (র.) দরগা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ছাত্রদল নেতা হাবিব। তাৎক্ষনিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। তিনি জানান, রাতেই লাশ নিয়ে স্বজনরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি জানান, মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন এ ছাত্রদল নেতা। গ্রামের বাড়ি চট্টগ্রামে হলেও সিলেট নগরীতেই হাবিবের বেড়ে উঠা বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed