Main Menu

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৭%

বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গতবছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫। আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। সেই হিসেবে এবার পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ দেয়ার পর শিক্ষামন্ত্রী আংশিক ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, দুপুরে সচিবালয়ে বিস্তারিত ফলাফল দেয়া হবে।

এবার এসএসসির আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন।

এবার মাদ্রাসা বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। এবার মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন।

এ ছাড়া কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। এবার কারিগরিতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৪ হাজার ৭৬৯ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন।

শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ২ দশমিক ১৪ শতাংশ বেশি পাস করেছে। আর ১ হাজার ৫৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা হয় ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

এবার সারাদেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী।

তবে শুরু থেকেই এবার প্রশ্ন ফাঁস হলে ব্যাপক আলোচনা-সমালোচনায় হয়। পরে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩ মে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ফাঁসের বিষয়ে গঠিত কমিটি প্রতিবেদন জমা দেন।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, নৈর্ব্যত্তিক (এমসিকিউ) প্রশ্ন ফাঁস হয়েছে ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ের শুধু ‘খ’ সেটের। আর তা হয়েছে পরীক্ষার ২০ মিনিট আগে। এতে ২০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার পরীক্ষার্থী সুবিধাভোগী। ফলে এসএসসি পরীক্ষা বাতিল হবে না।

Share





Related News

Comments are Closed