Main Menu

সিলেটে বাংলা বর্ষবরণে এসএমপি’র নির্দেশনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলা বর্ষবরণ উপলক্ষে সিলেট মহানগরীর সর্বসাধারণের জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বাংলা বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে এ নির্দেশনা অনুসরণের জন্য এসএমপি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) এসএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বলা হয়-
– বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে এসএমপি’র সংশ্লিষ্ট থানা এবং পুলিশ কমিশনারের কার্যালয়কে অবহিত করতে হবে।
– উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ৫টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
– বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
– সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
– একযোগে বা দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
– সিএনজি অটোরিকশায় পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।
– অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
– বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হল।
– খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না।
– অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
– বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
– নির্জন বা জনগণের চলাচল কম এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হয়।
গণমাধ্যমে পাঠানো এই গণবিজ্ঞপ্তিটি সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।
পাশাপাশি উৎসাহ-উদ্দীপনার মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রেখে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

Share





Related News

Comments are Closed