Main Menu

শাবি ছাত্র মাহিদ হত্যায় আতিকের স্বীকারোক্তি, আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাবি ছাত্র মাহিদ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আটক মির্জা আতিক নামের একজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বুধবার (২৮ মার্চ) বিকেলে সিলেট মহানগর হাকিম-১ মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে হাজির করা হলে সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আতিক। এতে সে মাহিদকে হত্যার দায় স্বীকার করে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তায়েফ মো. রিপনকে বুধবার বিকেলে একই আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য চৌধুরী বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে মির্জা আতিক। আতিক জানায়, দুটি মোটরসাইকেলে করে তারা চারজন ছিনতাইয়ে অংশ নেয়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ছুরিকাঘাত করে বলে আতিক আদালতকে জানিয়েছে।
এই মামলায় তায়েফ মো. রিপন নামের আরেকজনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে (২৭ মার্চ) দক্ষিণ সুরমার ভার্তখলা কবরস্থানের পাশ থেকে আতিক ও রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, এরা পেশাদার ছিনতাইকারী। এদের বিরুদ্ধে ছিনতাইয়ের আরো কয়েকটি মামলা রয়েছে। এরপর মির্জা আতিকের স্বীকারোক্তি মোতাবেক হামলার সময় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর দু’জনকেও গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত নগরীর ক্বীনব্রীজের দক্ষিন পাশে মাহিদ আল সালামকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে আহত মাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় মাহিদের চাচা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিম হাসান জেবুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতামা আসামী করে একটি মামলা দায়ের করেন।
তিনি চাকরির সাক্ষাৎকার দেয়ার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। মাহিদ শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তিনি ২০১১-১২ সেশনের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা মাহিদের বাবা প্রয়াত এডভোকেট এমএ সালাম।

Share





Related News

Comments are Closed