Main Menu

ঋণের টাকা দিতে না পারায় অফিসে ডেকে নিয়ে নির্যাতন!

Manual6 Ad Code

সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: এনজিও থেকে নেয়া ঋণ নির্ধারিত দিনে পরিশোধ না করায় মোঃ বাচ্চু ফরাজী (৩৫) নামে দরিদ্র কৃষক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার হওয়া ওই কৃষক সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার সন্ধায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে এ ঘটনা ঘটে।
আহত বাচ্চু জানান, তিনি আশা এনজিও‘র রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দর শাখা থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। ঋন গ্রহনের পর নিয়মিত ভাবে প্রতি শনিবার ৫শ টাকা পরিশোধ করে আসছেন। গত শনিবার (০৩ মার্চ) ছিল সাপ্তাহিক কিস্তি পরিশোধের দিন। আর্থিক সংকটের কারনে বাচ্চু সঠিক সময়ে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়। এতে আশা এনজিও এর বাহেরচর শাখা ম্যানেজার সাইফুল ইসলাম তার অফিস কর্মীদের দিয়ে বাচ্চুকে অফিসে ডেকে নিয়ে আসেন। এসময় বাচ্চু ও ম্যানেজার সাইফুল ইসলামের মধ্যে ঋনের বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায় ম্যানেজার ক্ষুব্ধ হয়ে অফিস কক্ষের দরজা বন্ধ করে বাচ্চুকে মারধোর করেন। এতে বাচ্চু গুরুতর আহত হয়। পরে বাচ্চুর পরিবার ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
আহত বাচ্চুর স্ত্রী রোকসানা বেগম বলেন, আশা থেকে ঋণ আমি গ্রহন করেছি। আমি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি। এক কিস্তি দিতে না পারায় আমার স্বামীকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। এমনিতেই ঋণের টাকা পরিশোধ করতে পারছিনা। এখন আহত স্বামীর চিকিৎসা কি দিয়ে করবো? উপজেলার আমলীবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ফরাজীর ছেলে বাচ্চু ফরাজী।
আশা’র ম্যানেজার সাইফুল ইসলাম জানান, বাচ্চুকে খবর পাঠিয়ে শুধু অফিসে ডেকে আনা হয়েছিল, তাকে কোন নির্যাতন করা হয়নি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাবে। নির্যাতনের সতত্যা পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code