Main Menu

মার্চে সিলেট সিক্সার্সের উদ্যোগে টি-টেন টুর্নামেন্ট

বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ডের অংশগ্রহণে ‘সিলেট সিক্সার্স ইন্ডিপেনডেন্স কাপ টি-১০’ চ্যালেঞ্জ নামে একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স।

বাংলাদেশে প্রথম এই টি-১০ (টেন) ফরমেটের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেট মহানগরীর স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪ অতিথি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারি অংশগ্রহণকারী ২৭ ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হবে সিলেট সিক্সার্সের সৌজন্যে ক্রিকেট সামগ্রী।

টুর্নামেন্টের সফল আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সার্বিক ব্যবস্থাপনায় থাকবে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার ক্রিকেট সামগ্রী তুলে দেয়ার সাথে সিলেট জেলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরবেন সিলেট সিক্সার্সের ব্যাবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসির ওবায়েদ।

সিলেট সিক্সার্সের ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ বলেন, “সিলেটের তৃনমূলের ক্রিকেট উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। আমরা ধাপে ধাপে আমাদের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছি। বিপিএল প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও, আমরা ট্যালেন্ট হান্ট কার্যক্রম করেছি। কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস সেখানে কাজ করেছেন। সে ধারাবাহিকতায় এই টুর্নামেন্ট আমরা আয়োজন করছি।”

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ তাঁর বক্তব্যে বলেন, “সিলেট মহানগরীর সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা এই টুর্নামেন্ট করছি। পাশাপাশি ৪ জন করে অতিথি খেলোয়াড় দলে রাখার নিয়ম রাখছি। এতেকোরে দেশসেরা ক্রিকেটারদের সঙ্গে আমাদের সিলেটের স্থানীয় ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ তৈরী হবে। খেলার মানোন্নয়নে যা বড় ভূমিকা রাখবে।”

সংবাদ সম্মেলনের ফাঁকে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ২৭ টি ওয়ার্ড ৮ গ্রুপে বিভক্ত হয়ে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। গ্রুপ সেরা দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। সংবাদ সম্মেলন শেষে ২৭ ওয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে টুর্নামেন্টের যাবতীয় নিয়ম-কানুন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।

Share





Related News

Comments are Closed