Main Menu

ঢাবি’র প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
গত ৫ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটের মোট ৯৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৭০ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৩ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৮৬১ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৭২ দশমিক ৩৯ ভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়,পাশকৃত শিক্ষার্থীদের আগামী ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ৯ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। নিরীক্ষণের ফলাফল আগামী ১৫ জানুয়ারি অনুষদ অফিসে প্রকাশ করা হবে।
আগামী ২১ জানুয়ারি রোববার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে (কার্জন হল এলাকা, সায়েন্স ক্যাফেটেরিয়া, ২য় তলা) পাশকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ থেকে ১৫০০ মেধাক্রম এবং বেলা দেড়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫০১ থেকে ২৮৬১ মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এছাড়া, মোবাইল ফোন থেকে DU TEC টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

Share





Related News

Comments are Closed