Main Menu

ছাত্রলীগকর্মী তানিম হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার প্রতিবাদে তার সহকর্মীরা আজ সোমবার সকাল ১১টায় এমসি কলেজের সম্মুখে সড়ক অবরোধের সৃষ্টি করেছে। অবরোধের ফলে রাস্তার উভয় পাশে আটকা পড়েছে প্রচুর যানবাহন।
এদিকে এ ঘটনায় রোববার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গেছে। এমসি কলেজ ও টিলাগড় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পরে শাহপরাণ থানা পুলিশ হত্যাকারীদেরকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
আটককৃতরা হলেন- ‘ফাইটার ডায়মন্ড’ খ্যাত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ড, ছাত্রলীগকর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ। তারা সবাই আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।

এদিকে নিহত ছাত্রলীগ কর্মী তানিমের লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, রোববার রাত ৯টায় টিলাগড় পয়েন্টে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী তানিম খান। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিম ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী। গ্রুপের পক্ষ থেকে এ ঘটনার জন্য প্রতিপক্ষ আজাদ গ্রুপকে দায়ী করা হয়েছে।

Share





Related News

Comments are Closed