Main Menu

৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ডিএমপির পক্ষ থেকে তাদের এ কথা জানা হয়েছে।

তবে দলটি চাইলে শুক্রবার চার দেয়ালের মধ্যে যে কোনও ধরনের কর্মসূচি পালন করতে পারবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে বিএনপিকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

এ খবরটি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানাবে দলটি। সংবাদ সম্মেলনে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রচার সম্পাদক এ্যানী বলেছেন, ‘আমরা আজ দুপুর ১টায় ডিএমপিতে গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে বিকেল ৩টায় সময় দেওয়া হয়। তখন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। কিন্তু ডিএমপি থেকে আমাদেরকে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি দেয়নি।’

এ্যানী জানিয়েছেন, ‘ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অন্য একটি ইসলামিক পার্টিকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়ে গেছে। তবে আমরা জানুয়ারির অন্য কোনোদিন সমাবেশ করতে চাইলে ডিএমপি থেকে আপত্তি নেই। তখন আমরা নয়াপল্টনেই সমাবেশ করার ইচ্ছার কথা জানিয়েছি। এতেও আপত্তি করেছে ডিএমপি।’

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। এ ছাড়া এবারের ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি সারা দেশে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে।

Share





Related News

Comments are Closed