Main Menu

সিলেটে ছাত্রদল নেতা শিমু হত্যার ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু হত্যার ঘটনায় ২০-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নিহতের পিতা আবুল হাসনাত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ‘নিহত ছাত্রদল নেতা শিমু হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার (১ জানুয়ারি) বিকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন শিমু। পরদিন মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। বিকালে শাহি ঈদগাহ ময়দানে প্রথম তার জানাজা সম্পন্ন হয়। শিমুর কয়েকজন আত্মীয় লন্ডন থেকে দেশে আসার পর এদিন এশার নামাজের পর দরগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। জান্নাত নামে তার ৫ বছরের এক মেয়ে রয়েছে।

Share





Related News

Comments are Closed