জানুয়ারিতে ৩টি শৈত্যপ্রবাহ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জানুয়ারি মাসেই একটি তীব্র ও দুইটি মৃদু অর্থাৎ তিনটি শৈত্যপ্রবাহের আভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান পরিবর্তন ডটকমকে বলেন, বাংলাদেশে আবহাওয়া বা জলবায়ুর যে ঘটনা তাতে আমরা দেখেছি জানুয়ারি মাস হল শৈত্যপ্রবাহের উপযুক্ত সময়। তবে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ আসেনি। সেটা এই মাসেই আসতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কিন্তু আজ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু গতকাল সোমবার বছরের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত পরিস্থিতি আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই পরেই আমরা আশা করছি তাপমাত্রা কমে আসবে। সেই ক্ষেত্রে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়াবিদ বলেন, আগামী দুই দিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হবে বলে আমরা ধারণা করছি। দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে যখন শৈত্যপ্রবাহ শুরু হবে দেশের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব পড়বে। আমরা ধারণা করছি চলতি জানুয়ারি মাসেই একটি তীব্র ও দুইটি মৃদু শৈত্যপ্রবাহ হবে। যখনই তীব্র শৈত্যপ্রবাহ আসবে তখন দেশের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।
জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবারের পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed