Main Menu

নিখোঁজ বিএনপি নেতা সাদাত গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

২০১৫ সালের জানুয়ারিতে রামপুরা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২২ আগস্ট বিকেলে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে সাদা পোশাকের কয়েকজন একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে এর আরোহী বিএনপির নেতা ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে একটি মাইক্রোবাসে তুলে নেন। গাড়িতে সাদাতের ছেলেও ছিল। গাড়িচালক ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায়।

পরে ওই রাতেই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা (মামলা নম্বর ৬) করেন তার বাবা কর্নেল (অব.) সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ।

তখন সাদাতের বাবা জানান, ঘটনার দিন বিকালে ছেলে মেহেদী জামান ও বাসার কেয়ারটেকারকে গাড়িতে নিয়ে নিজেই চালাচ্ছিলেন সাদাত আহমেদ। বিকাল ৩টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে এবং মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়।

নাতির বরাত দিয়ে তিনি আরও জানান, মাইক্রোবাসের একজন এসে সাদাতের গাড়ির চালকের আসনে বসেন। দুটি গাড়িই কুড়িল বিশ্বরোডের তিনশ’ ফুট রাস্তা দিয়ে পূর্বাচলে গিয়ে থামে। সাদাতের গাড়িতে ওই সময়ও তার ছেলে মেহেদী ও কেয়ারটেকার ছিলেন।

পরে সাদাতের গাড়িতে তার ছেলে ও কেয়ারটেকারকে রেখে সাদাতকে নিয়ে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের দিকে চলে যায়।

ডিবি দক্ষিণের সহকারী কমিশনার (এসি) শামসুল আরেফিন জানান, ২০১৫ সালের রমনা থানায় নাশকতার (জ্বালাও-পোড়াও) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে অপহরণের মামলা রয়েছে থানায়।

তিনি বলেন, সাদাত আহমেদ নিজেই পলাতক ছিলেন কি-না বিষয়টি জানার চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed