Main Menu

বাহরাইনে প্রবাসীদের ‘কোটি কোটি’ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি : বাহরাইনে প্রবাসীদের কাছ থেকে ‘কোটি কোটি’ টাকা আত্মসাতের অভিযোগে খালেদ মাহমুদ (৪০) নামে এক প্রবাসীকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ১৪টি এটিএম কার্ড ও বাহরাইনের ন্যাশনাল কার্ডসহ একাধিক ভুয়া আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।

সিআইডি পুলিশের পরিদর্শক মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক খালেদ মাহমুদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুল নগর গ্রামের সিকান্দর আলীর ছেলে। সর্বশেষ তিনি আরেক প্রবাসী রহুল আমিনের পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসেন।

সিআইডি পুলিশের পরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, ‘খালেদ মাহমুদ পাসপোর্টে ছদ্মনাম ও ভুয়া ঠিকানা ব্যবহার করে বাহরাইনে যান। সেখানে গিয়ে সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীদের সঙ্গে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি প্রবাসী বাঙালিদের পাশাপাশি বাহরাইনের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এরপর পাসপোর্ট জালিয়াতি করে দেশে পালিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দেশে ও বিদেশে গিয়ে এ বিষয়ে তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে দেশে ও বিদেশে একাধিক মামলা রয়েছে।’

Share





Related News

Comments are Closed