Main Menu

মিয়ানমারের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে হবে : রোশনারা আলী

বৈশাখী নিউজ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে নিজের উদ্বেগের কথা জানালেন ব্রিটিশ এমপি রোশনারা আলী। সংকট নিরসনে তিনি মিয়ানমারের সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। রোশনারা আলী বলেন গণতান্ত্রিক রাষ্ট্র হলেও মিয়ানমার সরকারের উপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। সংবিধানের মাধ্যমে সংসদে ২৫ ভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে সেনাবাহিনীর। প্রতিরক্ষা, সীমান্ত সবকিছুর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। তাই সংকট সমাধানে দেশটির সেনাবাহিনীর উপর চাপ বাড়ানো উচিত।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায় সহমর্মিতা প্রকাশ করছে। মিয়ানমারের এ বিপর্যয়কে তিনি মেন মেইড (মানুষের তৈরী) বিপর্যয় হিসাবে আখ্যা দেন।
গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প সফরের অভিজ্ঞতা বর্ণনা করে রোশনারা আলী বলেন, সেখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেখানকার বিপর্যয় রোধে মিডিয়া কর্মীদের সোচ্চার হওয়ারও পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ডেভিড অ্যাশলে, ব্রিটিশ হাই কমিশনের ইন্টারন্যাশনাল ট্রেডের ডিরেক্টর মিজ রোজিনা হাসান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা সেন্টার স্থানান্তর নিয়ে প্রশ্নের জবাব দেন রোশনারা আলী ও ডেভিড অ্যাশলে। তারা জানান, ব্রিটিশ ভিসা সেন্টার স্থানান্তর হলেও ভিসা প্রদানের ক্ষেত্রে এটি কোনো প্রভাব রাখছে না। রাষ্ট্রীয় পলিসির অংশ হিসেবে ভিসা সেন্টার স্থানান্তর করা হয়েছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।
মতবিনিময়সভায় বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে কথা বলেন রোশনারা আলী, তিনি বলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে অচিরেই যুক্তরাজ্য বাংলাদেশে বিনিয়োগকারী এক নাম্বার দেশে পরিণত হবে।

 

Share





Related News

Comments are Closed