Main Menu

সিলেট নগরীর ছড়া ও খাল উদ্বারে নেমেছে সিসিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আবারো ছড়া ও খাল উদ্ধারে নেমেছে সিলেট সিটি করপোরেশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে বলরামের খালের শাখা খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। ওই খালের উপর সিটি করপোরেশনের মালিকানাধীন তিনতারা মার্কেটের একটি অংশ ভাঙার মধ্য দিয়ে খালটি উদ্ধারের কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র আরিফ জানান, বলরামের খালের শাখা খালটির উদ্ধার কার্যক্রম শেষ হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া ও বারুতখানাসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমে আসবে। সিটি করপোরেশনের মালিকানাধীন তিনতারা মার্কেটের নিচ দিয়ে ওই খাল প্রবাহিত হওয়ায় খালটি উদ্ধারে মার্কেটের করিডোর ভাঙার কাজ শুরু হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে নগরীতে বেদখল হওয়া সবকটি ছড়া ও খাল উদ্ধার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন (বাকের), ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed