Main Menu

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উক্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এ বছরও আসন বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নতুন বিভাগ।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ। গ-ইউনিটে ১২৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৯৫৪ জন।

বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। উক্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৩,৪৭৬জন।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতি রোধ করতে শিক্ষার্থীদের জন্য সবধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ও ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা হলের প্রবেশ মুখে মেটাল ডিকেক্টরের মাধ্যমে শরীর তল্লাশি করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সুযোগ দিবে কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লক্ষ ৭৭ হাজার ৭ শত ১৫ জন আবেদন করেছেন। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৯ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯১ হাজার ১ শত ৪৩ জন, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১ শত ৬৪ জন, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯ শত ৫৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ১ লক্ষ ৩ হাজার ২ শত ৮২ জন, এছাড়া চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১ শত ৭২ জন আবেদন করেছে। প্রতি আসনে বিপরীতে প্রার্থী রয়েছে ক-ইউনিটে ৫২ জন, খ-ইউনিটে ১৫ জন, গ-ইউনিটে ২৪ জন, ঘ-ইউনিটে ৬৫ জন, চ-ইউনিটে ১৫০ জন।

Share





Related News

Comments are Closed