Main Menu

প্রবাসীর সন্তানদের জন্য চালু হলো শিক্ষাবৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

২০২৬ সালের এসএসসি বা সমমান, ২০২৫ সালের এইচএসসি বা সমমান এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

গত ৮ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

কারা আবেদন করতে পারবেন-

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র নিয়েছেন অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন, তাঁদের সন্তানেরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুজন সন্তান আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও জিপিএ

এসএসসি বা সমমান পরীক্ষায় ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রবাসী কর্মীর সন্তানদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৭৫ থাকতে হবে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে উভয় বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রয়োজন।

২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রবাসী কর্মীর সন্তানদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৮০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৫০ থাকতে হবে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের উভয় বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রবাসী কর্মীর সন্তানদের ন্যূনতম জিপিএ ৩.২৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

পড়াশোনার পর্যায়সংক্রান্ত শর্ত

এসএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নের পর্যায় এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ বিবেচনায় আবেদন করতে হবে। এইচএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক বা সংশ্লিষ্ট উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নের শর্ত প্রযোজ্য হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট ক্যাটাগরির কোর্সের মেয়াদ ও অধ্যয়নরত অবস্থার শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নিতে হবে।

যেভাবে আবেদন করবেন

শিক্ষার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগামী ২৫ অক্টোবর থেকে [https://portal.wewb.gov.bd](https://portal.wewb.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬।

যেসব কাগজপত্র লাগবে;

আবেদনের সঙ্গে পিতা বা মাতার প্রবাসী কর্মী হওয়ার প্রমাণ হিসেবে বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদসংবলিত পাসপোর্টের কপি দিতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র ও তাঁর মোবাইল নম্বর, প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে ইস্যু করা সংশ্লিষ্ট সনদের কপি, শিক্ষার্থীর নিজের নামে তফসিলি ব্যাংক হিসাবের তথ্য, পাসপোর্ট আকারের ছবি, স্বাক্ষর এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করতে হবে।

ব্যাংক হিসাবের ক্ষেত্রে হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব গ্রহণযোগ্য কি না, তা মূল বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী নিশ্চিত হয়ে আবেদন করতে হবে।

নাম ও তথ্যের ক্ষেত্রে সতর্কতা

প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সঙ্গে আবেদনকারীর শিক্ষাগত সনদে থাকা পিতা বা মাতার নামের মিল থাকতে হবে। নামের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। অসম্পূর্ণ বা ভুল তথ্য দিয়ে আবেদন করলেও তা বাতিল বলে গণ্য হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দেশে ১৬১৩৫ (টোল ফ্রি) নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১২০৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে।

Share





Related News

Comments are Closed