Main Menu

সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ, সড়কে আগুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পূর্ব বিরোধের জেরে সিলেটে নিজ দলের কর্মীদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুমের খুনিদের গ্রেফতারের দাবিতে বুধবার রাত আটটার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় বিক্ষোভ করেছেন তার গ্রুপের নেতাকর্মীরা। এসময় টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে নগরীর বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্টে পথসভা করে মাসুম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। পরে রাত পৌনে ৯টার দিকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন। নিহত মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী।

বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মীদের হামলায় নিহত হন তিনি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় চৌহাট্টায় সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সাথে সম্পৃক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তোলে নেন।

Share





Related News

Comments are Closed