Main Menu

সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা: বাড়ছে নদ-নদীর পানি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের চার উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। একই ভাবে উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুরমা-কুশিয়ারার সবকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে সীমান্ত নদী ধলাই, পিয়াইন, বড়গাঙ, সারীতেও। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান। পিছিয়ে দেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষাও।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য মতে, রোববার দুপুর তিনটায় কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ১০৫ সেন্টিমিটার, সিলেটে সুরমা নদী বিপদসীমার ৩০ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৫ সেন্টিমিটার, আমলশীদের কুশিয়ারা বিপদসীমার ৭৪ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ার নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টিপাতের কারণে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো।
বন্যা কবলিত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। বন্যার কারণে ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়া পাথর কোয়ারী পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। ফলে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। দেখা দিয়েছে গো-খাদ্যের সঙ্কট। তবে বন্যার্তদের সহায়তায় এখন পর্যন্ত কোনও ত্রাণ তৎপরতার খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed