Main Menu

রাজধানীতে ধর্ষণের পর শিশু হত্যা, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডার আদর্শনগরী এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান।

রাজধানীর বাড্ডায় রোববার বিকেলে তানহা নামে ওই শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে বাথরুমে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহার মা সুলতানা বেগম জানান, তারা যে বাড়িতে থাকেন একই বাড়িতে ভাড়া থাকতেন কলি নামে এক নারী ও তার স্বামী। দু’দিন আগে তারা এ বাসা ছেড়ে পাশের বাড়িতে উঠেছেন। বিকেল সোয়া ৫টায় তানহা তাকে বলে কলি আন্টির বাসায় বেড়াতে যাব। তিনি তাকে তাড়াতাড়ি চলে আসতে বলেন। বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি ফিরছিল না তানহা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পাশের বাড়ির এক নারী বাথরুমে গিয়ে দেখেন টয়লেটের কমোডে মাথা গোজানো অবস্থায় পড়ে আছে তানহা। সঙ্গে সঙ্গে তিনি এসে খবর দেন। এরপর সুলতানা বেগম গিয়ে দেখেন মেয়ে সেখানে পড়ে আছে। এ সময় তানহার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।

সুলতানা বেগম বলেন, ‘প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। পরে বুঝতে পারলাম তানহা মারা গেছে।’

Share





Related News

Comments are Closed