Main Menu

সিলেটে ঈদ জামাতের সময়সূচি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এই জামাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়া একই সময়ে শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তাছাড়া, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাড়ে আটটায় দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত নয়টায়, সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে আটটায়, কাজিরবাজার জামেয়া মাদানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর ডাক বাংলো রোডের ‘নবাবী জামে মসজিদ ওয়াকফ্ এস্টেট’-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পশ্চিম পীরমহল্লাস্থ গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। দক্ষিন সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খোজারখলা মারকাজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে মসজিদ কমিটি ও সংশ্লিষ্টরা এমন তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডসহ সবকটি থানা এলাকায় মোট ২৫৪ জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এসব স্থানে ঈদ জামাত অনুস্টিত হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘সিলেট সিটি করপোরেশন এলাকাসহ মহানগর পুলিশের আওতাধীন ছয় থানার ২৫৪ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে শাহী ঈদগাহের পর বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার মসজিদে। এই তিন এলাকাকে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে।’
তিনি আরো জানান, ‘প্রধান তিন ঈদ জামাতের স্থান ছাড়াও নগরীর বাকি ঈদগাহগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের বাহিরের ঈদ জামাতগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে’।
তিনি বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।’
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে শাহী ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি করপোরেশনের তত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed