রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১২ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার (২৪ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আটজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের ওপরে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরো চারজন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আলমগীর (২৭), দেলোয়ার (৩০), সাদ্দাম (২৫), মনির (২৮) ও জসীম (২৬)। তাঁদের মধ্যে আলমগীর গাজীপুরে অটোরিকশা চালাতেন। জসীম ধান গবেষণা ইন্সটিটিউটের কর্মচারী ছিলেন। বাকি তিনজন পোশাকশ্রমিক।
দুর্ঘটনায় আহত আটজন হলেন- খাদিজা, আফরোজা, রহিমা, জামিলা, ময়না, মমিনুল, খলিল ও দুলাল। তাঁদের সবার বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে খাদিজা আলমগীরের স্ত্রী। তিনি জানান, হতাহত সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরো জানান, নিহত সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কয়েকজনের নাম-পরিচয় জানা গেলেও সবার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed