Main Menu

সিসিকের অভিযানে অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাত, অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
রোববার (৪ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে ৪র্থ দিনের মতো অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুরমা মার্কেট, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায় অবৈধ প্রায় শতাধিক স্থাপনা ও লেগুনা ও সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান, কাউন্সিলর দিনার খান হাসু, মো. রাজিক মিয়া সহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহন করেন।
আদালতের নির্দেশে গত ১লা জুন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগরীতে প্রথম দফায় অভিযান শুরু করে।
এর আগে গত মাসের ২৯ মে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের লক্ষ্যে সিলেটের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করে সিলেট সিটি কর্পোরেশন।
পরে এক সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে মাইকিং করে সিসিক।
সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছিল।
সবশেষ গত ৩১ মে সিলেট জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি মেয়র, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধসহ নির্দেশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed