Main Menu

সিলেট তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর রিকাবী বাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে জেলা পর্যায়ের এ মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এখন বিজ্ঞানের যুগ, আমাদের জাতীয় জীবনে বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞান ছাড়া এ যুগে চলা অসম্ভব। বর্তমান সরকার বিজ্ঞানের ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে।
৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং বিজ্ঞানমনষ্ক জাতি গঠনের লক্ষ্যে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় স্থান পাচ্ছে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয় সম্বলিত স্টল। স্টলগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ক্ষুদে, তরুণ বিজ্ঞানীরা তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে স্ব-উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
তিনদিনব্যাপী এ মেলায় প্রতিদিন থাকছে বিভিন্ন কর্মসূচি। আজ শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড। পরদিন শনিবার মেলার তৃতীয় ও শেষ দিন সকাল ১১ টায় উপস্থিত বক্তৃতা, বেলা আড়াইটায় বিতর্ক প্রতিযোগিতা এবং বিকেল ৪ টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। এ সকল কর্মসূচীতে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।

Share





Related News

Comments are Closed