Main Menu

হবিগঞ্জে গৃহবধূকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে যৌতুকের জন্য স্বপ্না আক্তার (২০) নামে এক গৃহবধুকে হত্যার চেষ্টা করা হয়েছে। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় স্বপ্না আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বপ্না আক্তারের পিতা সদর উপজেলার মশাজান গ্রামের আজিদ মিয়া জানান, এক বছর আগে চরহামুয়া গ্রামের সাদত আলীর পুত্র বিল্লাল মিয়া (২৫) এর কাছে স্বপ্নাকে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় যথাসাধ্য মালামাল তাকে দেয়া হয়। সম্প্রতি বিলাল মিয়া সিএনজি অটোরিক্সা কেনার জন্য স্বপ্নার নিকট যৌতুক দাবী করে আসছে। স্বপ্নার পিতা গরীব হওয়ায় তার কথামত যৌতুকের টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন শুরু হয়। দিন দিন বিলাল ও তার পরিবারের লোকজন স্বপ্নার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। শত নির্যাতন সহ্য করে স্বপ্না সংসার করতে থাকে। এ কথা স্বপ্না ফোনে তাকে জানাত। এ ব্যাপারে কয়েকবার সালিশ বৈঠক হলেও বিষয়টি সমাধান হয়নি।

১৯ মে শুক্রবার দুপুর থেকে বিলাল ও তার মা স্বপ্নার উপর নির্যাতন শুরু করে। বিষয়টি স্বপ্না তার পিতাকে ফোনে জানায়। বিকাল থেকে স্বপ্নার ফোন বন্ধ পাওয়া যায়। আজিদ মিয়া স্বপ্নার ফোন বন্ধ পেয়ে রাতে বিলালের বাড়িতে যায়। গিয়ে একটি রুমে দেখতে পায় তার কন্যাকে হাত-পা বেধে একটি খাটের উপর ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয় মেম্বার শামীমুর রহমানের উপস্থিতিতে স্বপ্নাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বপ্নার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed