Main Menu

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫০

ছাতক প্রতিনিধি : ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসির মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

নিহত যুবকের নাম লোকমান হোসেন (২২)। সে নোয়ারাই ইউপির উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের পুত্র।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলুরগাঁও ও পার্শ্ববর্তী বড়গল্লা গ্রামে শিশুদের মধ্যে গত ১২মে’ বড়গল্লা মাঠে ফুটবল খেলা অনুষ্টিত হয়। দু’গ্রামের খেলোয়াড়দের খেলা চলাকালে রেফারির উপর অনাস্থা এনে উলুরগাঁও গ্রামের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে আসে।

ঘটনার দিন দুপুর ১২টায় চানপুরবাজারে দু’গ্রামের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই সোমবার বিকেল ৩টায় বড়গল্লা গ্রামের ওয়াছির আলীর নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের দোকানে হামলা, ভাংচুর ও লুঠপাট চালায়।

এতে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে লোকমান হোসেন নামের এক যুবক গুরুতর আহত হলে ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় দু’পক্ষে কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। এদেরকে ছাতক হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জানান, তাদের মালিকানাধিন দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়া হয়েছে।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share





Related News

Comments are Closed