Main Menu

সিলেট মহানগর জামায়াতের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতের সাথে চুক্তি ও সমঝোতা স্মারক করেছে। তারা দেশ ও জাতির স্বার্থকে উপেক্ষা করে এবং দেশের মানুষকে অন্ধকারে রেখে ভারতের সাথে একতরফা প্রতিরক্ষাসহ ১১ টি চুক্তি ও ২৪ টি সমঝোতা স্বাক্ষর করেছে। কিন্তু আমাদের নায্য দাবি তিস্তার পানি বন্টন নিয়ে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি। যা সরকারের নতজানু পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ। ভারতের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যাথায় সরকারকে একদিন জনতার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহী করতে হবে।
শনিবার জামায়াত কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তাচুক্তি সহ দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে ব্যর্থতা এবং নায্য কোন দাবি আদায় ছাড়াই প্রতিরক্ষাসহ ১১ টি চুক্তি ও ২৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মশাহিদ আহমদ, আনোয়ার হোসেন, আব্দুস শহীদ, ফয়জুল হক, ইসলামী ছাত্রশিবির নেতা নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের উজানে অভিন্ন ৫২ টি নদীতে অন্যায়ভাবে বাধ নির্মাণ ও একতরফা পানি প্রত্যাহার করার ফলে ইতোমধ্যেই দেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সীমান্তে প্রতিনিয়ত পাখির মত বাংলাদেশী নাগরিক হত্যা করে চলেছে। কিন্তু সরকার এই ইস্যুতে রহস্যজনকভাবে নিরব। ভারতের সাথে আমাদের বণিজ্য ঘাটতি ক্রমেই বাড়ছে বৈ কমছে না। মূলত প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধানের কথা বলেই ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু তিনি দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের পরিবর্তে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তার সাথে জাতীয় স্বার্থের কোন সম্পর্ক নেই বরং তা প্রতিবেশী দেশকেই একতরফা অনুকুল্য দিয়েছে। তিস্তার পানির নায্য হিস্যা আদায় সহ ভারতে সাথে সকল দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed