Main Menu

জঙ্গি রিপনের সাথে শেষ সাক্ষাৎ করতে স্বজনরা কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জঙ্গি রিপনের সাথে শেষ সাক্ষাৎ করতে সিলেট কেন্দ্রিয় কারাগারে এসেছেন তার পরিবারের সদস্যরা। বুধবার সন্ধ্যার দিকে দুটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশায় তারা কারাফটকে পৌঁছান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রিপনের পরিবারের ২৫ সদস্য সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এদের মধ্যে বাবা আব্দুল ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী রয়েছেন বলে কারা সূত্র জানিয়েছে। রিপনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামে।
সিলেট কেন্দ্রীয় কারাগারে জেল সুপার ছগির মিয়া জানান, আজ রাতেই রিপনের ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যায় রিপনের বাবা-মাসহ স্বজনরা আবারো দেখা করার জন্য এসেছেন। তারা যতজন আসছেন সকলকেই দেখা করিয়ে দেওয়া হবে।
তিনি আরো জানান, কারাগার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে। তিনি জানান, স্বজনরা বেরিয়ে আসার পর রিপনকে তওবা পড়াবেন নগরীর আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) ক্যাডার জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির রায় আজ রাতেই সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর হচ্ছে। তার রায় কার্যকরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০ জল্লাদকেও।
এদিকে, কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। কারাগারের সামনের সড়কের যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে ওই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাফেরাও নিয়ন্ত্রণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed