Main Menu

সিলেট-জকিগঞ্জ সড়কে ধর্মঘট চলছে

বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর সিলেট-জকিগঞ্জ সড়কের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ। বুধবার আলোচনা শেষে ওই অনুরোধ জানানো হয়।

সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদ আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনের কারণে গত রবিবার থেকে ওই অঞ্চলের জনজীবনে নেমে আসে দুর্ভোগ। জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হয় মঙ্গলবার। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকে।

এই অবস্থায় বুধবার আবারো সিলেট নগরীর চৌহাট্টায় সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল শামন্ত, জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ মতিন চৌধুরী, দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম প্রমুখ নেতৃবৃন্দ।

বৈঠকে নির্বাহী প্রকৌশলী উৎপল শামন্ত জানান, গত জানুয়ারি মাসে সিলেট আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প সিলেটে উন্নয়নের ৫১০ কোটি টাকার একটি প্রকল্প একনেকের সভায় উপস্থাপন করেছে। এর মধ্যে শাহবাগ-জকিগঞ্জ পর্যন্ত রাস্তার উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প রয়েছে। তবে এই সড়কের চারখাই থেকে শাহেবাগ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এখানে ১২ কোটি টাকার কাজ চলছে। এই কাজ শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে শাহবাগ-জকিগঞ্জ পর্যন্ত বিপর্যস্ত রাস্তার উন্নয়ন কাজও বিভাগীয়ভাবে সম্পূর্ণ করার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী।

ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ মতিন চৌধুরী এক বিবৃতিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন ।

Share





Related News

Comments are Closed