Main Menu

সমস্যায় জর্জরিত ডাউকেরগুল প্রাথমিক বিদ্যালয়

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি’র অন্তর্ভূক্ত ডাউকেরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। বিদ্যালয়টি অজোপাড়া গাঁয়ের শিশুদের হাতেখড়ির একমাত্র অবলম্বন।
জানা গেছে, পার্শ্ববর্তী মুলাগুল গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার বেশিরভাগ শিশুই প্রাথমিক গন্ডি পার হবার আগেই ঝরে পড়ে। শিশুদের ঝরেপড়া রোধ করতে ডাউকেরগুলসহ আশপাশের কয়েকটি গ্রামের জনগণের সহযোগিতায় ১৯৭৯ সালে স্থাপিত হয় এই প্রাথমিক বিদ্যালয়টি। তবে আর্থিক ও অবকাঠামোগত অস্বচ্ছলতার জন্য ১৯৯৪ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। বর্তমানে এলাকার চার শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়নরত। বিগত ২০১৩ সালের ১ জুলাই ১ম ধাপে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। আর জাতীয়করণ হলেও নানা জটিলতায় অদ্যাবধি সরকারী ভাবে ৪জন শিক্ষকের পাশাপাশি বিনা বেতনে পাঠদান অব্যাহত রেখেছেন আরো দুইজন শিক্ষক-শিক্ষিকা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরাজীর্ন এ বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় অনেকটা অবহেলিত। বিদ্যালয়ের একমাত্র ভবনটি জরাজীর্ন ও পরিত্যক্ত বর্ষা মৌসুমে ভবনের ছাদ ছুয়ে পানী পড়ে। এতে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় মারাত্তক ব্যাঘাত সৃষ্ঠি হয়। এছাড়া ভবন সংকটে একই কক্ষে বিদ্যালয়ের অফিস কার্যক্রম ও পাঠদান করা হচ্ছে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় কোমলমতি শিশুরা মাটিতে বসে ক্লাস করছে। শ্রেণীকক্ষের কোন কক্ষে দরজা আছে তো জানালা নেই, আবার কোনোটির জানালা আছে তো দরজা নেই। ফলে রোদ বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটিও অকেজোঁ থাকায় বিশুদ্ধ পানি সংকটে পড়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন টয়লেট, ফলে বিপাকে আছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এখানে বিদ্যুতেরও কোনো সংযোগ নেই। বিদ্যালয়টি হাওর এলাকায়, তাই প্রতি বছরই ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
একাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক জানান, নানাবিধ সমস্যায় জর্জরিত হওয়ার কারণে এখানে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। দ্রুত এসব সংকট দূর করা না হলে পাঠদান কার্যক্রম ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে জরুরী ভিত্তিতে একটি আধুনিক ভবন সহ অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed