Main Menu

সিলেটে শানে রিসালত মহাসম্মেলন ২ ও ৩ মার্চ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আগামী ২ ও ৩ মার্চ আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষে রবিবার দুপুরে নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল-এ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি ও আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। স্বাগত বক্তব্য রাখেন শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী।
আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য হাফিয নজীর আহমদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ, আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলা সহ-সভাপতি হাফিয তরীকুল ইসলাম তোফা, মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সিলেট জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, মহানগরী সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য সৈয়দ আহমদ আল জামিল, মো. তৌরিছ আলী, সোহাইল আহমদ তালুকদার, সিলেট পূর্ব জেলা সভাপতি সাইফুর রহমান শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, এমসি কলেজ সভাপতি আহমদ শরীফ প্রমুখ।
মূল বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মহাসম্মেলনের উদ্দেশ্য ও এর প্রস্তুতি সম্পর্কে আলোকপাত করেন এবং সম্মেলন সফল করতে সিলেটের পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিকবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে লিখিত বক্তব্যে বলা হয়- “বিশ্বমানবতার মুক্তির দিশারী প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। তাঁর জীবন ও কর্ম গোটা মানবজাতির জন্য অনুসরণীয়-অনুকরণীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কালের সকল মানুষের জন্য তাঁর সুমহান চরিত্র সর্বোত্তম চরিত্রের নমুনা। তাঁর আদর্শ অনুসরণে একসময় সারা দুনিয়ায় সাম্য, শান্তি ও ন্যায়-ইনসাফের ফল্গুধারা প্রবাহিত হয়েছিল। আজ তাঁর আদর্শ থেকে বিচ্যুতির কারণে দিকে দিকে বিরাজ করছে অন্যায়, অনাচার, অশান্তি আর বিশৃঙ্খলা। এমনি পরিস্থিতিতে প্রকৃত শান্তি ও মুক্তি খুঁজে পেতে হলে আমাদের আবারো মহানবী (সা.)-এর আদর্শের দিকে প্রত্যাবর্তন করা আবশ্যক। একই লক্ষ্যে দুনিয়ার মানুষের সামনে তাঁর সার্বজনীন আদর্শকে ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। এ উদ্দেশ্য সামনে রেখে আমরা আগামী ২ ও ৩ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ‘আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন’ আয়োজন করতে যাচ্ছি।” এ সম্মেলনের সাথে ২০০৪ সালে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর আহবানে আয়োজিত আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের যোগসূত্র তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, ২ ও ৩ মার্চের মহাসম্মেলনে দেশবরেণ্য উলামা-মাশায়িখ ও শিক্ষাবিদগণ ছাড়াও সৌদি আরব, মিশর, বাহরাইন ও ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতিমান পীর-মাশায়িখ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হবেন। মতবিনময়কালে আশা প্রকাশ করা হয় যে, মহাসম্মেলন উপলক্ষে আলিয়া মাঠ জনসমুদ্রে পরিণত হবে।

Share





Related News

Comments are Closed