Main Menu

ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বুধবার সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গৌছ আদালতে হাজিরা দিলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এ অবস্থায় আদালত আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
সদ্য জামিন লাভকারী আরিফুল হক ও গৌছ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে হাজিরা দেন। কিন্তু কোন সাক্ষী না আসায় আদালত মামলার নতুন তারিখ ধার্য্য করেন বলে জানান দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর।
গত ৪ জানুয়ারি কারাগার থেকে জামিনে মুক্ত হন আরিফ-গৌছ। কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে নাম আসায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জৈষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে ছিলেন আরিফ। কিবরিয়া হত্যা মামলার পর এ ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায়ও অভিযুক্ত হন আরিফ ও গৌছ। এরপর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলা মামলায়ও তাদের অভিযুক্ত করা হয়। বর্তমানে সবকটি মামলায় জামিনে রয়েছেন তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন।

Share





Related News

Comments are Closed