সম্মানী ভাতা বাড়ছে জনপ্রতিনিধিদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সরকারি সম্মানীভাতা বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই জনপ্রতিনিধিরা সম্মানীভাতার সুবিধা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে এই প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
সিটি করপোরেশনের মেয়রের মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলরের ৩৫ হাজার টাকা করা হয়েছে। তবে মাসিক সম্মানী বাদে অন্য সব ভাতা তারা আগের নিয়মেই পাবেন। এ ছাড়া জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ভাতা পাঁচ হাজার টাকা এবং সদস্যদের মাসিক সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ক’ শ্রেণির পৌরসভার মেয়রের মাসিক সম্মানী বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার টাকা ও কাউন্সিলরদের আট হাজার টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার মেয়রের সম্মানী ২৮ হাজার টাকা ও কাউন্সিলরের সাত হাজার টাকা, ‘গ’ শ্রেণির পৌরসভার মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ছয় হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।
এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী হিসেবে ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান ২৭ হাজার টাকা সম্মানী পাবেন। এঁদেরও অন্য সব ভাতা আগের মতোই বহাল থাকবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি অংশ তিন হাজার ৬০০ টাকা ও ইউপি অংশ চার হাজার ৪০০ টাকাসহ মোট আট হাজার টাকা, সদস্য সরকারি অংশ দুই হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ দুই হাজার ৬২৫ টাকাসহ মোট পাঁচ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed