Main Menu

শ্রীমঙ্গলে পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হচ্ছে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী ও পথচারীদের ওপর অর্তকিতভাবে বিজিবি সদস্যদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৬ জানুয়ারী শুক্রবার সকাল থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।

শ্রীমঙ্গলের মালিক শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার রাতে শহরে মাইকিং করে এ ধর্মঘটের ডাক দেয়।

বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ব্যবসায়ী ও পথচারীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এক পরিবহন শ্রমিকের সঙ্গে বিজিবি কর্মকর্তার গাড়ির ওভারটেকিং নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত হয়। তিনি আরও বলেন, এরপর বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিজিবির ছোড়া গুলিতে ৬ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- ব্যবসায়ী পবিত্র পাল, গাড়িচালক শাহ আলম, ব্যবসায়ী সুকুমার দাশ, ব্যবসায়ী ইকবাল মিয়া। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপর ২ জনের নাম জানা যায়নি।

এদিকে, রাতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মৌলভীবাজারের এডিসিকে আহ্বায়ক করে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

Share





Related News

Comments are Closed