Main Menu

সিলেটে ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার, আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিটুলা থেকে ইউনিলিভারের ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে ছিনতাইকৃত অর্থসহ চারজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বাড়ির মালিক, কেয়ারটেকার ও দুইজন সিএনজি অটোরিক্সা চালক রয়েছেন।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার(সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, রাত ৮টার দিকে নগরীর বালুচর এলাকার এক মোয়াজ্জিনের বাড়ি থেকে এই অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মধ্যে মোট ৭০ লাখ ৭০ হাজার টাকা রয়েছে। এ সময় পুলিশ দুটি সিএনজি অটোরিক্সা জব্দ করে। আটক করেছে এক সিএনজি চালকসহ ৪ জনকে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন থেকে বালুচর এলাকার আল-ইসলাহ আবাসিক এলাকার ১৬০ নং হাবিবুর রহমানের বাসায় ভাড়া থাকতো আটককৃতরা।
উদ্ধার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইউনিলিভারের আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে রবিবার দুপুরে তাদের দুই হিসাবরক্ষক ৭০ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেটকারে (নং সিলেট খ-১১-০১৬৯) করে এক্সিম ব্যাংকের জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। পথে উত্তর কাজিটোলার কাহের মিয়ার গলিতে চারটি মোটরসাইকেল ও একটি অটোরিকসায় করে একদল ছিনতাইকারী তাদের গাড়িটির গতিরোধ করে। ছিনতাইকারী দলটি অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি ভাঙচুর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে কোতোয়ালি থানা পুলিশ ও শাহপরাণ থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশ টিম যৌথ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বদেন সিলেট শাহপরাণ থানার সহকারী পুলিশ কমিশনার একেএম সাজ্জাদুল আলাম, কোতেয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ও শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ইউনিলিভারের সিলেট ডিস্ট্রিবিউটর ইমতিয়াজ রহমান তারেক বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতে বালুচর থেকে ওই টাকা উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed