Main Menu

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। শনিবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ি ভাংচুরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। এক ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।
জানা যায়, শাহী ঈদগাহ এলাকায় রাস্তার জায়গা দখল করে আওয়ামী লীগের ‘কার্যালয়’ স্থাপন করা হয়। রাস্তার পাশে ড্রেনের স্লেভের উপর বাঁশ দিয়ে দলীয় ব্যানার টানিয়ে এ ‘কার্যালয়’ স্থাপন করেন স্থানীয় নেতাকর্মীরা। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান পাপ্পু অভিযোগ করেন, শনিবার রাত ৯ টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা সায়েফ আহমদের নেতৃত্বে টিলাগড় গ্রুপের সন্ত্রাসীরা শাহী ঈদগাহ এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ওই ‘কার্যালয়ে’ হামলা চালায়। এসময় শাহী ঈদগাহ এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া করেন।
এদিকে, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় তারা ৪টি মিনি ট্রাক, কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি দোকান ভাংচুর করে। গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাত ৯টা থেকে শাহী ঈদগাহ সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা রাস্তায় এলোপাতাড়িভাবে ট্রাক ফেলে রাখেন। এক ঘন্টা পর রাত ১০টায় পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। ক্ষতিপুরণ না দিলে আমরা আরো কঠোর কর্মসূচী দেবো।

Share





Related News

Comments are Closed