Main Menu

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী।

নিহত ব্যক্তির নাম হজরত আলী (৩৫)। বাবার নাম আমির হোসেন। হজরতের বাড়ি দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি গ্রামে।

এলাকাবাসী জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে দহগ্রাম-আঙ্গোরপোতা সীমান্তের বঙ্গেরবাড়ী এলাকা দিয়ে ৭/৮ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে যায়। এসময় তারা ভারতের ৯নং মূল পিলার দিয়ে ১শ’গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ২২ বিএসএফ অরুন ক্যাম্পের টহল দল তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হযরত আলীর মৃত্যু ঘটে। পরে তার লাশ বিএসএফ নিয়ে যায়। তবে তার অপর সঙ্গীরা পালিয়ে আসে।

বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন জানান, সোমবার গভীর রাতে ঘাটিয়ারতারি সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জনের একটি দল ভারতের বাগডোগরায় গরু আনতে যায়। ফেরার পথে হজরত আলী বিএসএফের ককটেল ও শটগানের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। তাঁর লাশ ভারত সীমান্তে রয়ে গেছে।

Share





Related News

Comments are Closed