Main Menu

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের অবিস্মরণীয় উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে দলীয় এবং পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
কর্মসূচি : ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয়ভাবেও বিএনপির স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার বিকালে তার মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান জানান, সোমবার দুপুর ১২টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ১টায় মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। এদিকে সোমবার সকাল ৯টায় মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করতে মৌলভীবাজার যাবেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এম সাইফুর রহমান ছিলেন মানুষের হৃদয়ের মানুষ। ব্যক্তিগত জীবনেও ছিলেন সাদামাটা। চাওয়া-পাওয়ার দ্বন্দ্বের অস্থিরতা ছিল না তাঁর। উচ্চাকাঙ্খা, উচ্চবিলাসিতা পছন্দ ছিল না একদমই। বলতেন মারপ্যাঁচের জটিলতা ছাড়াই সহজ সরল আর ইংরেজিমিশ্রিত আঞ্চলিক ভাষায় সোজা কথা। এ কারণেই দেশ-বিদেশে সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তার। তিনি ছিলেন দেশের একমাত্র ও প্রথম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। কর্মে তার অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা, বিশ্বাস আর কাজের প্রতি নিখাদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোঁখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া। কোথায় নেই এই কর্মচঞ্চল মানুষটির কৃতকর্মের বাস্তবতা। কিন্তু তারপরও তার অনেক দেখা স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি।
সংক্ষিপ্ত জীবনী: জন্ম ১৯৩২ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজারের বাহারমর্দনে। তাঁর পিতার নাম মোহাম্মদ আবদুল বাছির, মাতার নাম তালেবুন নেছা। ৩ ভাইয়ের মধ্যে বড় তিনি। মাত্র ৬ বছর বয়সে তার পিতা মারা যান। সে সময়ে তাঁর অভিভাবকত্ব গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মেট্টিকুলেশনে উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আই কম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার। ব্যারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ফেলোশিপ অর্জন করেন। এ ছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। ১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দুররে সামাদ রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ৩ পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে ২০০৩ সালে তাঁর প্রিয়তমা স্ত্রী বেগম দুররে সামাদ রহমান ইন্তেকাল করেন।
সাইফুর রহমান দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। তাঁর জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহাপরিকল্পনা করেছিলেন, তাঁর অনেকগুলো বাস্তবায়ন হলেও পুরোটা বাস্তবায়ন করতে পারেন নি। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তাঁর জীবন প্রদীপ, স্তব্ধ হয়ে যায় তাঁর দেখা উন্নয়ন মহাপরিকল্পনার স্বপ্ন।
বিএনপি নেতা এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে কেবল অর্থমন্ত্রী হিসেবেই ১২ বার বাজেট পেশ করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code