Main Menu

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) দুই জঙ্গি। তারা শেরপুরে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার ভোররাত ৩টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নলুয়াপাড়া সড়ক মোড়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার খালেদ হাসান ওরফে বদর মামা (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হামিদপুর গ্রামে। তার বাবার নাম মো. এনামুল হক। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৯ বছর।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফানের ভাষ্য, জেএমবি সদস্যরা বিশালপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন জঙ্গি আহত হয়। অভিযান চলাকালে সেখানে আরও কয়েকজন জেএমবি সদস্য ছিলেন। তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চারটি গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, বন্দুকযুদ্ধে গুরুতর আহত দুই জঙ্গিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- বাবুল আকতার ও আবদুল মোতালেব। তারা বগুড়ার পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জঙ্গি খালেদ হাসান দিনাজপুরে দুই মন্দিরে হামলা ও ইতালীয় নাগরিককে হত্যাচেষ্টা মামলার আসামি।

Share





Related News

Comments are Closed