Main Menu

তাহিরপুরে একই রাতে সম্পন্ন হল ২টি বাল্য বিয়ে!

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার ২৪ ঘন্টা না পেরুতেই উপজেলা সদরেই এক রাতে ঘটা করে সম্পন্ন হল দু’টি বাল্য বিবাহ। উপজেলা সদরের অতি নিকটে দু’টি গ্রামে ঘটা করে বাল্যবিবাহ সম্পন্ন হলেও উপজেলা নির্বাহী অফিসার ও সদর ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ, জনপ্রতিনিধি ও নিকাহ রেজিষ্টারদের সাথে নিয়ে পৃথক আলোচনা সভার মধ্য দিয়ে গত মঙ্গলবার উপজেলার ৭ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। প্রশাসনের এই ঘোষণা ভেস্তে গেছে মঙ্গলবার রাতেই।
উপজেলা সদর ইউনিয়নের উজান জামালগড় গ্রামের প্রমোদ বর্মণের কিশোরী কন্যা তাহিরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী পৃথী বর্মণ (১৫) ও একই ইউনিয়নের সূর্য্যরেগাঁও গ্রামের গোপী দাশের কিশোরী কন্যা ক্ষমা রাণী দাশ (১৩)’র মঙ্গলবার রাতে বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে ঘটা করে। যে দু’টি গ্রামে বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে সেই দু’টি গ্রাম উপজেলা সদরের অতি নিকটেই।
এ বিষয়ে জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, গ্রাম দু’টি আমার ইউনিয়নেই পড়েছে, তবে বাল্যবিবাহের বিষয়টি আমার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে যে দুটি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানিনা, এমনকি এ ধরণের কোন অভিযোগও পাইনি।

Share





Related News

Comments are Closed