হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ৪০১ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৭ মিনিটে ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় বিমানবন্দরে রাষ্ট্রদূত ছাড়াও জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, সৌদি সিভিল এভিয়েশনের মহাপরিচালক সহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হজ যাত্রীদের সংবর্ধনা জানান।
এর আগে সকাল ৮টা পাঁচ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে যায়। হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।
এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট ৪ আগস্ট শুরু হয়ে চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed